বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘জোর করে, জনগণকে ধমক দিয়ে আওয়ামী লীগ একটি অবৈধ নির্বাচন করতে চাইছে। এ নির্বাচনের বিরুদ্ধে গোটা দেশ, গোটা জাতি। তারা নিজেরা নিজেরা খুন করছে, নাশকতা করছে, মানুষ মারছে, আর এটা চাপিয়ে দিচ্ছে যারা গণতন্ত্ররে জন্য লড়াই করছে তাদের ওপর।’
সোমবার (১ জানুয়ারি) সকাল ৭টায় মিরপুর ১৩ নম্বর পুলিশ কনভেনশন সেন্টারের আশপাশ এলাকায় কাফরুল থানা বিএনপি উদ্যোগে দ্বাদশ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘তারা জোর করে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে চায়। তাই অবৈধ সরকার যাতে জোর করে ক্ষমতায় না থাকতে পারে তাদের বিরুদ্ধে বিরুদ্ধে আপনাদের শান্তিপূর্ণ অধিকার প্রয়োগ করুন, ভোট দিতে যাবেন না, অবৈধ নির্বাচন মানবেন না।’
নির্বাচনের ফলাফল ভোটের আগেই ঠিক হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, শুধু রাষ্ট্রের কয়েক হাজার কোটি টাকা খরচ করা ছাড়া আর কিছু নেই। ডামি এই নির্বাচন ইতিমধ্যেই ড্যাম হয়ে গেছে। ভাগ-বাটোয়ারার এই নির্বাচন দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে আগেই হত্যা করেছে এখন ডামি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে দাফন করতে চায়। মানুষের মানবাধিকার আজ ধ্বংসের পথে। অবৈধ সরকারের পাতানো এই নির্বাচনে প্রার্থী নিজেই বলেন আমি ভারতের প্রার্থী।
লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন বিএনপির অর্থনীতি বিষয়ক সহ-সম্পাদক মাহমুদুর রহমান সুমন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং , বিএনপি নেতা জাকির হোসেন, কাফরুল থানা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক আকরামুল হক আকরাম, যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান মন্টু, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আউয়াল, থানা বিএনপির সদস্য ওহিদ আলম শাহাদাৎ কয়েল, ৪ নং ওয়ার্ড সভাপতি আনছার আলী, ১৬ নং সাধারণ সম্পাদক শিমুল হোসেন ফারুক, ঢাবি ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।








