বন্যার্তদের মধ্যে শনিবার (৩১ আগস্ট) ত্রাণ বিতরণ করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৩০ আগস্ট) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, কুমিল্লার বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণের জন্য শনিবার সকাল সাড়ে ৮টায় গুলশান চেয়ারপারসনের কার্যালয় থেকে রওনা করবেন মহাসচিব।
শায়রুল কবির খান জানান, শনিবার বেলা ১১টায় কুমিল্লা লালমাই উপজেলার ছোট শরিফপুর উচ্চ বিদ্যালয় মাঠ; দুপুর ২টায় নাঙ্গলকোট উপজেলায়; বেলা সাড়ে ৩টায় নাঙ্গলকোট উপজেলার এআর উচ্চ বিদ্যালয় মাঠ; বিকাল ৫টায় সদর দক্ষিণ উপজেলা সুয়াগঞ্জ বাজার; সন্ধ্যা ৭টায় সদর দক্ষিণ উপজেলার কমলাপুর ঈসা গার্ডেন এলাকায় ত্রাণ বিতরণ করবেন মির্জা ফখরুল।
এসময় তার সঙ্গে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেবেন।
শায়রুল কবির জানান, ত্রাণ দিতে আজ শুক্রবার বিএনপি স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস রয়েছেন ফেনীতে।
এরআগে, নোয়াখালী ও লক্ষ্মীপুরে ত্রাণ বিতরণ করেছেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, মো. শাহজাহান; ফেনীতে ত্রাণ বিতরণ করেছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।









