বিগত আওয়ামী লীগের শাসনামলে যুগপৎ আন্দোলনে যুক্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বোঝাপড়া বাড়ানোর তৎপরতা শুরু করেছে বিএনপি। সেসময়ে নিষ্ঠার সঙ্গে আন্দোলন ও বিএনপির সঙ্গে যুগপতে যুক্ত থাকায় নেতাদের প্রতি ধন্যবাদ জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৯ আগস্ট) বিকাল থেকে রাত পর্যন্ত রাজধানীর গুলশানে গণতন্ত্র মঞ্চসহ বেশ কয়েকটি দলের সঙ্গে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু।
বৈঠকে অংশ নেন গণতন্ত্র মঞ্চ, গণঅধিকার পরিষদ, গণফোরাম, বিজেপি, এনডিএম, জন অধিকার, পিপলস পার্টি, ন্যাপ-ভাসানী, গণতান্ত্রিক বাম ঐক্য ও আমজনতার দল।
বৈঠকগুলোতে তারেক রহমান শীর্ষনেতাদের ধন্যবাদ জানান। পাশাপাশি আগামী নির্বাচন, সরকার গঠনে একসঙ্গে থাকার কথা আলোচনা করেন। পরিস্থিতি কীভাবে উন্নয়ন হবে, বিগত আন্দোলনে যুক্তরা কীভাবে মূল্যায়ন পাবেন, এসব বিষয়েও তিনি কথা বলেন।
বিএনপির শীর্ষনেতা উল্লেখ করেছেন, নির্বাচনের পরও আওয়ামী লীগের দোষীদের বিরুদ্ধে বিচার কার্যক্রম অব্যাহত থাকবে। সংস্কার নিয়ে যেসব বিরোধ রয়েছে তা মেটানোর পরামর্শ আসে আলোচনায়। রাজনীতিতে দক্ষিণপন্থার বিস্তার ঘটায় কীভাবে গণতান্ত্রিক দলগুলো পরিস্থিতি মোকাবিলা করবে, স্থিতিশীলতার দিকে যাবে সেসব বিষয়ও দলগুলোর বৈঠকে উঠে আসে।
শনিবার সন্ধ্যার পর বৈঠক করে গণতন্ত্র মঞ্চ। বৈঠকে অংশ নেওয়া বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, খুবই আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে। তারেক রহমান বিভিন্ন বিষয়ে আলোকপাত করেছেন। আগামী দিনের রাজনীতি নিয়ে কথা বলেছেন। কীভাবে আমরা একসঙ্গে আরও কাজ করবো, এসব প্রসঙ্গ এসেছে।"
বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, মূলত ধন্যবাদ জানাতেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে বিএনপি। আগামী দিনের নির্বাচন, সরকার গঠনের সম্ভাবনা তৈরি হলে একসঙ্গে সরকার গঠনের বিষয়ে বিএনপি আন্তরিক।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির জানান, গত ৮ আগস্ট ১২ দলীয় জোট, সমমনা জোটসহ ২৪টি দলের সঙ্গে মতবিনিময় হয়েছে।









