গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, আমাদের ঐক্যকে দৃঢ় করবো এবং ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবিলার জন্য আজ আমরা শপথ নিতে চাই।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ১২ দলীয় জোটের আয়োজনে ‘আওয়ামী ফ্যাসিবাদের পূনর্বাসন ও নির্বাচন বানচালের চক্রান্ত রুখে দাও’ শীর্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন।
ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, আমি ১২ দলীয় জোটের নেতাদের প্রতি আহ্বান জানাতে চাই, আপনারা অতীতে গণতন্ত্র ফেরানোর আন্দোলনে আমাদের সঙ্গে ছিলেন, এখনও আছেন। আগামী দিনে আগামী বাংলাদেশ প্রতিষ্ঠায় তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযাত্রায়ও আপনারা পাশে থাকবেন, এই প্রত্যাশা করি।
তিনি বলেন, আমরা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে রাজপথে থেকে এমন একটি ঐক্য গড়ে তুলবো যার মাধ্যমে ফ্যাসিবাদ দূরে থাকবে। ফ্যাসিবাদের দোসররাও যাতে কোনও ফাঁক-ফোঁকর দিয়ে সেখানে ঢোকার কোনও সুযোগ না পায় সেই ঐক্যকে আমরাও দৃঢ় করবো। ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকেই আমরা সব ষড়যন্ত্র রুখে দেবো।
সমাবেশে আরও ছিলেন– ১২ দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, ইসলামী ঐক্যজোট মহাসচিব আবদুল করিম, ইউনাইটেড লিবারেল পার্টির চেয়ারম্যান আমিনুল ইসলাম, নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি এম এ মান্নান ও প্রগতিশীল জাতীয়তাবাদী দলের (পিএনপির) চেয়ারম্যান ফিরোজ মো. লিটন। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ এলডিপির মহাসচিব তমিজউদ্দিন টিটু।









