কয়েকজন ব্যক্তি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেকগুলো পোস্টাল ব্যালট বাসার ভেতরে বসে গুনছেন, এমন দুটি ভিডিও সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে ৭ মিনিট ৩২ সেকেন্ডের ভিডিওটি বাহরাইনের একটি বাসায় এবং ২৭ সেকেন্ডের ভিডিওটি ওমানের একটি বাসায় বলে অভিযোগ উঠেছে।
বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণে নির্বাচন কমিশনের (ইসি) কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবদী দল (বিএনপি)।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠকে নেতৃত্ব দেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বৈঠকে সিইসির সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে বিএনপির প্রতিনিধি দল। বৈঠকে ভাইরাল হওয়া পোস্টাল ব্যালটের প্রসঙ্গটিও তুলে ধরা হয় বিএনপির পক্ষ থেকে।
পরে নজরুল ইসলাম খান সাংবাদিকদের এ প্রসঙ্গে বলেন, “আমরা নির্বাচন কমিশনকে বলেছি, পোস্টাল ব্যালট পৃথিবীর বিভিন্ন জায়গায় যে পদ্ধতিতে বিতরণ করা হচ্ছে সেটা সঠিক হচ্ছে না, এতে কিছু ত্রুটি হচ্ছে। যার নমুনা আমরা দেখেছি যে বাহরাইনে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অনেকগুলো ব্যালট পেপার হ্যান্ডেল করছে। এটার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। তো ওনারা (ইসি) বললেন, যে এটা তাদের নজরে এসেছে এবং তারা বাহরাইনে রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছেন।”
নজরুল ইসলাম খান বলেন, “নির্বাচন কমিশন আমাদের আশ্বস্ত করেছে, এ ব্যাপারে তারা তদন্ত করে প্রতিবেদন দেবে এবং সে অনুযায়ী তারা ব্যবস্থা নেবে।”
তিনি আরও বলেন, “আপনারা জানেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল—এই ভোটে কেউ কোনও ধরনের কারচুপির চেষ্টা করলে তার এনআইডি ও ভোটার পরিচয় ব্লক করা হবে। আমরা মনে করি, যারা এই নির্বাচনকে বিঘ্নিত করতে কারচুপির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত। এ বিষয়টিও আমরা আলোচনা করেছি। নির্বাচন কমিশন আমাদের জানিয়েছে, তারা এ বিষয়ে ব্যবস্থা নেবে।”
তবে একসঙ্গে একই জায়গায় এতগুলো পোস্টাল ব্যালট কীভাগে গেলো, সে বিষয়ে নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।









