জুলাই আন্দোলনে শহীদদের পরিবার ও আহতদের সঙ্গে একান্তে কথা বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তারা শহীদ পরিবারের সদস্য ও আহতদের খোঁজখবর নেন এবং সান্ত্বনা দেন। তাদের কাছে পেয়ে অনেকেই অশ্রুসিক্ত হয়ে পড়েন।
রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জুলাই আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এমন দৃশ্য দেখা যায়।
অনুষ্ঠানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ নেতাকর্মীদের পরিবার এবং আহত নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। কেউ কেউ স্ক্র্যাচে ভর দিয়ে, আবার কেউ হুইলচেয়ারে করে অনুষ্ঠানে আসেন।
এ সময় তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। অনেকেই তাদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। কেউ কেউ শহীদ হওয়া স্বজনদের ছবি সঙ্গে নিয়ে আসেন। আপনজন হারানোর বেদনা এবং নিজেদের কষ্টের কথা তুলে ধরেন তারা।
তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং হাত বুলিয়ে সান্ত্বনা দেন। একইসঙ্গে সবসময় তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।









