জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে উদ্দেশ্য করে ঢাকা-১৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, “নারীদের প্রতি সম্মান দেখিয়ে কথা বলুন। কর্মজীবী নারীদের নিয়ে অশালীন মন্তব্য করলে দেশের মা-বোনেরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাবে। তখন আপনি পালানোর জন্য হেলিকপ্টারও খুঁজে পাবেন না।”
সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর তুরাগের রানাভোলা এলাকায় নির্বাচনি প্রচারণা ও গণসংযোগ শুরুর আগে পথসভায় তিনি এসব কথা বলেন।
এস এম জাহাঙ্গীর বলেন, “আপনার ভেরিফাইড আইডি থেকে নারীদের প্রতি যে ভাষায় মন্তব্য করেছেন, সেই অধিকার আপনাকে কেউ দেয়নি। দেশের উন্নয়ন, নারীদের সুরক্ষা এবং টেকসই ভোটাধিকার নিশ্চিত করতে হলে আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।”
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিগত ১৭ বছর বিএনপি নেতাকর্মীরা যেভাবে মিথ্যা মামলা ও জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন, ভবিষ্যতে যেন রাজনৈতিক প্রতিপক্ষ এই আসনে তেমন পরিস্থিতির শিকার না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান। তিনি বলেন, “২০২৩ সালে এই রানাভোলায় আমাদের জনসভায় আওয়ামী লীগের গুন্ডাবাহিনী হামলা করেছিল, উল্টো আমাদের ওপরই মামলা দেওয়া হয়েছিল। আমরা অতীতের সেসব ঘটনার প্রতিশোধ নেবো না। ঢাকা-১৮ আসনে যেন সর্বোচ্চ ভোটের ব্যবধানে এস এম জাহাঙ্গীর হোসেন নির্বাচিত হন, সেই লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে।”
তুরাগ থানা বিএনপির আহ্বায়ক মো. আমান উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই গণসংযোগে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।









