ঢাকা-৮ আসনের ৩৩ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। এসব কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ এ তথ্য জানান।
তিনি জানান, ঢাকা-৮ আসনের ১০৯টি কেন্দ্রের মধ্যে ৩৩টি কেন্দ্রের ফলাফল তারা পেয়েছেন। এতে মির্জা আব্বাস পেয়েছেন ১৬ হাজার ৭৯০টি ভোট। আর ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারি পেয়েছেন ১৫ হাজার ৪৭০ ভোট।
এদিকে, ঢাকা-১৭ আসনের ১৬টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পেয়েছেন আট হাজার ৪৫৪ ভোট। ১১ দলীয় জোটের প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান পেয়েছেন ছয় হাজার ২০৫ ভোট।
রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে ঢাকা-১৮ আসনের ৩৪টি কেন্দ্রের ফলফাল ঘোষণা করা হয়েছে। এসব কেন্দ্রের ভোটে এগিয়ে বিএনপি মনোনীত প্রার্থী এসএম জাহাঙ্গীর। তিনি পেয়েছেন ২০ হাজার ৮৩৬ ভোট। আর শাপলা কলি প্রতীকের প্রার্থী আরিফুল ইসলাম আদীব পেয়েছেন ১৪ হাজার ৮৮৯ ভোট।
ঢাকা-১৬ আসনের ৩৪ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। এসব কেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিনুল হক পেয়েছেন ১৬ হাজার ১৭৫ ভোট। আর দাঁড়িপাল্লা প্রতীকের কর্নেল (অব.) আবদুল বাতেন পেয়েছেন ১৫ হাজার ৫১৫ ভোট।









