বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, স্বাধীনতার প্রশ্নে আপস না করাই ছিল জুলাই আন্দোলনের মূল লক্ষ্য। জুলাই আন্দোলন কোনও ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ রক্ষার আন্দোলন ছিল না। এটি ছিল একটি সাম্যভিত্তিক, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আন্দোলন। সেই লক্ষ্য বাস্তবায়নে আন্দোলনকারীরা কোনও বাধাকেই পরোয়া করেননি।
রবিবার (১৯ জুলাই) বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল আয়োজিত ‘স্মরণে জুলাই; ছাত্রদল ও অন্যান্য’ শীর্ষক স্মরণসভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, তারা জানতেন, রাজপথে নামলে তাদের মৃত্যু হতে পারে, হত্যা করা হতে পারে। কিন্তু সেই আশঙ্কা তাদের এক মুহূর্তের জন্যও দমিয়ে রাখতে পারেনি। দেশের স্বাধীনতা, মানুষের অধিকার এবং একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ে তারা সাহসিকতার সঙ্গে রাজপথে নেমেছিলেন।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যেমন বারবার আসে না, তেমনি জুলাই গণঅভ্যুত্থানও বারবার ঘটবে না। এই প্রজন্মের শ্রেষ্ঠ অর্জন জুলাইয়ের রাজপথ ও জুলাই গণঅভ্যুত্থান। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা ভারতীয় আগ্রাসন প্রতিহত করেছি। জুলাইয়ের স্মৃতি সবার কাছে ভিন্ন হতে পারে, তবে এর চেতনাকে ধরে রাখতে আরও বেশি স্মরণসভা ও কর্মসূচির আয়োজন করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনে যারা জীবন দিয়েছেন এবং আহত হয়েছেন, তাদের আত্মত্যাগ জাতি চিরদিন স্মরণ করবে। জুলাইয়ের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
স্মরণসভায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রাইছ উদ্দিন ও কোষাধ্যক্ষ ড. সাবিনা শারমিন।
এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি কাজী জিয়া উদ্দীন বাসিত, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকারের সাবেক সভাপতি একেএম রাকিব, সাধারণ সম্পাদক রায়হান হাসান রাব্বি, শাখা ছাত্রশক্তির সদস্যসচিব শাহিন মিয়া, মুখ্য সংগঠক ফেরদৌস শেখ, জকসুর প্রতিনিধি ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক নুর নবী, জবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লাসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতারা।









