জুলাই আন্দোলনের ভিত্তি বিএনপির ১৭ বছরের আন্দোলনের মাধ্যমে তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে ‘ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয়, ঐক্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘আমরা বাংলাদেশি’ নামে একটি সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে।
এ্যানি বলেন, জুলাই আন্দোলনে আজকের বিরোধী দল কোথায় ছিল, গত ১৭ বছর কোথায় ছিল—এগুলো প্রশ্নের বিষয়। আমরা যুগপৎ আন্দোলন করেছি, জোট করেছি। এখন তারা বলছে, একাই আন্দোলন করেছে। কিন্তু একটি অভ্যুত্থানের ভিত্তি লাগে। সেই ভিত্তি ছিল বিএনপির ১৭ বছরের আন্দোলন।
তিনি বলেন, সব আওয়ামী লীগের নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে যাননি, সবার বিরুদ্ধে একই ধরনের অভিযোগও নেই। কিন্তু বিরোধী দল সংসদে বলছে, তারা ভালো আওয়ামী লীগকে সঙ্গে নেবে। এখান থেকেই বিভেদের শুরু।
নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, কিছু আসনে বিএনপির একাধিক প্রার্থী থাকায় দল ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি প্রবাসী ভোটেও প্রভাব বিস্তারের অভিযোগ করেন তিনি। যেসব আসনে অনিয়মের অভিযোগ রয়েছে, সেখানে নজর রাখার আহ্বান জানান এ্যানি।
তিনি আরও বলেন, গত ১৭ বছরের ‘চুরি-লুটপাটের’ কারণে দেশকে নানা সমস্যা মোকাবিলা করতে হচ্ছে। তবে জিয়াউর রহমানের উন্নয়ন দর্শনের ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
এ সময় আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর গোয়েন্দা পুলিশের (ডিবি) নির্যাতনের অভিযোগও তোলেন এ্যানি।
আলোচনা সভায় লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম বলেন, আমরা বিভেদ নয়, ঐক্য চাই।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি, তারা আজ সংসদে বিরোধী দল হয়েছে, যা দেশের জন্য লজ্জার।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে আস্থা রাখছে। বিএনপি ঐক্যে বিশ্বাস করে, কিন্তু জামায়াত তা করে না।
সভাপতির বক্তব্যে ‘আমরা বাংলাদেশি’র সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান ধারণ করে একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যেই সংগঠনটির যাত্রা শুরু হয়েছে।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মহিউদ্দিন ইকরাম, বিএনপি নেতা মোমিনুল আমিন ও ইউনাইটেড লেবার পার্টির আমিনুল ইসলাম।









