সরকারের ব্যর্থতা ঢাকতেই সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটি বলছে, সাংবাদিক শফিক রেহমান ও গাজীপুরের মেয়র অধ্যাপক এম এ মান্নানকে অবিলম্বে মুক্তি না দিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
শফিক রেহমান ও মান্নানকে গ্রেফতারের প্রতিবাদ জানাতে শনিবার সকালে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদি এই হুঁশিয়ারি দেন।
সকাল সোয়া আটটার দিকে সাংবাদিক শফিক রেহমানকে বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয়। পরে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপ পুলিশ কমিশনার মারুফ হোসেন সর্দার জানান, পল্টন থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
রিজভী আহমেদ বলেন, আমরা যারা গণতন্ত্রের জন্য লড়াই করছি তাদের জীবনযাপন নিরাপদ নয়। আর যারা সরকারের অপকর্ম ও অপশাসনের খবরাখবর রাখেন তারাও নিরাপদ নয়। সরকারের সর্বশেষ নির্যাতনের শিকার হলেন শফিক রেহমান। তাকে গ্রেফতার করা সরকারের চৈতন্য লোপের শামিল।
সরকার চারদিকে ব্যর্থ মন্তব্য করে তিনি বলেন, শফিক রেহমানকে গ্রেফতার একটি ঘৃণ্য নাটক। সরকার কোনও দিক সামাল দিতে পারছে না। তার মতো একজন গুণী ব্যক্তিকে গ্রেফতার করে সকারের ব্যর্থতাকে আড়াল করার চেষ্টা করছেন। তাকে গ্রেফতারে বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি। যে মিথ্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে অবিলম্বে তা প্রত্যাহার করে তার মুক্তির দাবি জানাচ্ছি।
প্রধানমন্ত্রীকে স্মরণ করিয়ে দিয়ে বিএনপির এই নেতা বলেন, শফিক রেহমানের বাবা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার (শেখ মুজিবুর রহমানের) শিক্ষক ছিলেন। গুণীজনদের যদি এই পরিণতি হয় তাহলে কোন শকুনিরা দেশ চালাচ্ছে। এই দেশকে কারা ছিড়ে টুকরো টুকরো করছে। বিশিষ্ট সাংবাদিক শফিক রহমানও গ্রেফতার হলে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা কোথায়। অবস্থাদৃষ্টে মনে হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার ছাড়া এ দেশে কারও সম্মান নেই এবং বাস করার অধিকার নেই।
এদিকে গতকাল রাত নয়টার দিকে গাজীপুর থেকে ঢাকা আসার পথে মেয়র মান্নানকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন, বর্তমান অবৈধ ভোটারবিহীন সরকার নির্বাচিত প্রতিনিধিদের দেখতে পারে না। তাই গাজীপুরের নির্বাচিত মেয়র অধ্যাপক এম এ মান্নানকে গ্রেফতার করেছে। দীর্ঘ এক বছরের বেশি সময় কারাভোগের পর তাকে ফের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. জেড এম জাহিদ হোসেন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।
/এসটিএস/এএইচ/
আরও খবর পড়ুন-
জাপানে আবারও শক্তিশালী ভূমিকম্প,উদ্ধারকাজ চলছে
গাজীপুর সিটি মেয়র মান্নান ফের গ্রেফতার








