মাদকবিরোধী অভিযানের নামে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন গেন্ডারিয়া এলাকায় পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্বের ইঙ্গিত দেয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
রবিবার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।
জুবায়ের বলেন, বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর দেশে মাদকের বিস্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। সরকারের ব্যর্থতা আড়াল করতে দায়িত্বশীল ব্যক্তিরা জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি। এরই ধারাবাহিকতায় গত শনিবার (১৭ অক্টোবর) বিকালে গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় ইশরাক হোসেন পিস্তল উঁচিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরি করেছেন বলে মন্তব্য করেন তিনি।
অস্ত্র আইন উল্লেখ করে জুবায়ের বলেন, নিজের নিরাপত্তা ছাড়া বৈধ অস্ত্র ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টি করা যায় না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন থাকা সত্ত্বেও একজন প্রতিমন্ত্রীর অস্ত্র উঁচিয়ে আইন নিজের হাতে তুলে নেওয়া এবং তার দেহরক্ষীদের আগ্রাসী ভূমিকা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। এ ঘটনার প্রতিকার নিশ্চিত করতে সরকারের দায়িত্বশীল পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
জুবায়ের আরও অভিযোগ করেন, ইশরাক হোসেন নিজের কর্মকাণ্ডের ভিডিও ফেসবুকে প্রকাশ করে জনমনে ভীতি সঞ্চার করেছেন। তার মতে, এ ধরনের আচরণ শপথের লঙ্ঘন এবং তা অপরাধীদের উৎসাহিত করতে পারে।
আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা, জনসচেতনতা বাড়ানো এবং মার্জিত ও জনবান্ধব পদ্ধতিতে মাদক নির্মূলসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের প্রতি আহ্বান জানান তিনি।
অস্ত্র ধারণ ইস্যুতে ইশরাক বললেন, ‘আমাকে ঘিরে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা হচ্ছে’