আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (জাপা) এক থাকলে অন্য কেউ ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় হুইপ শওকত চৌধুরী। শনিবার সংসদে ২০১৬–১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির সংসদ সদস্য শওকত চৌধুরী বলেন, জাতীয় পার্টি বেঈমানি করেনি। আমাদের কারণেই আওয়ামী লীগ তিনবার ক্ষমতায় এসেছে। এ কথা ভুলে যাবেন না। আমাদের ফেলে দেবেন না। আমরা আছি বলেই আপনারা সুন্দর। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি এক থাকলে ভবিষ্যতে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না। আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকায় ইউপি নির্বাচনে দাঙ্গা ও প্রাণহানির ঘটনা ঘটেছে বলেও এ সময় তিনি উল্লেখ করেন।
বাজেট আলোচনায় সরকারি দলের শামসুল হক বলেন, তারেক রহমান লন্ডনে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে হত্যার হুমকি দিয়েছে। তিনি তারেক জিয়ার বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
মাহমুদ উস সামাদ চৌধুরী শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় দুর্বলতা রয়েছে। এই দুর্বলতা দূর করতে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
বাজেট আলোচনায় আরও অংশ নেন এবিএম তাজুল ইসলাম, এ বিএম রুহুল আমিন হাওলাদার, সালমা ইসলাম, আবুল কালাম মো. আহসানউদ্দিন, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, আতিউর রহমান আতিক, শরীফ আহমেদ, মো. আবদুল্লাহ, হাজেরা খাতুন, রিফাত আমিন, শিরীন আখতার, লুৎফা তাহের প্রমুখ।
/ইএইচএস/এএইচ/আপ-এনএস/







