উপযুক্ত প্রার্থী না থাকায় নাসিক নির্বাচন করছে না জাপা: চুন্নু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২২, ১৪:৩৮আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১৪:৩৮

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে কোনও উপযুক্ত প্রার্থী না থাকায় সেখানে আমরা প্রার্থী দিইনি। আর কোনও প্রার্থীর পক্ষে কাজ করতে কর্মী-সমর্থকদের জন্য দলীয় কোনও সিদ্ধান্ত নেই।’

সোমবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সংগে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নির্বাচনে সহিংসতার দায় নির্বাচন কমিশনের নয়, দায় প্রার্থী ও তাদের সমর্থকদের—প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার এমন বক্তব্যকে আংশিক সঠিক বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব চুন্নু। তিনি বলেন, ‘উনার বক্তব্য আংশিক সঠিক। কারণ একটি নির্বাচনে কমিশনই যে এককভাবে দায়ী তা নয়, রাজনৈতিক দলের, ভোটারদের সবারই দায়িত্ব। অনেক সময় দেখা যায়, নির্বাচন কমিশন চাইলেও পারে না, যদি শাসক দলের লোকজন বিশেষ করে এক্সিকিউটিভ যারা, তারা যদি সঠিকভাবে দায়িত্বপালন না করে।’

টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কার কথা জানিয়ে মুজিবুল হক চুন্নু বলেন, ‘আমাদের আশঙ্কা ছিল, নির্বাচনটা ফেয়ার হবে না। কারণ গত কয়েক মাসে স্থানীয় সরকারের যে নির্বাচন হয়েছে, বিশেষ করে প্রথম ও দ্বিতীয় ধাপ; সেখানে নির্বাচনের নামে একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে। সেগুলোতে বিএনপি নির্বাচনে যায়নি। জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে অনেক প্রার্থী দিয়েছিল। আমাদের প্রার্থীদের মারধর করা হয়েছে, পেটানো হয়েছে এবং বিভিন্নভাবে প্রার্থিতা প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে। কেউ প্রার্থিতা প্রত্যাহার না করলে তাকে এলাকা ছাড়তে হয়েছে। অনেক জায়গায় ব্যক্তিগতভাবে প্রশাসনের সঙ্গে কথা বলে সুফল পাইনি।’

তিনি বলেন, ‘শুধু এটাই না, গত কয়েকমাস আগে সিরাজগঞ্জে একটি উপনির্বাচনে আমাদের প্রার্থীর জামাকাপড় পর্যন্ত ছিঁড়ে ফেলা হয়েছে। এসব উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে যে বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর অবস্থা, তাতে আমাদের আশঙ্কা হচ্ছে, মির্জাপুরের নির্বাচনটা ফেয়ার হবে না। এ কারণে আজকে আমরা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছি।

চুন্নু বলেন, ‌‘প্রধান নির্বাচন কমিশনারকে আমরা বলেছি, আপনার কমিশন গত পাঁচ বছর অনেক ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে কাজ করেছে। অনেক আলোচনা সমালোচনা হয়েছে। আপনাদের সময়কালে এটিই হবে কোনও পার্লামেন্টের শেষ উপনির্বাচন। আল্লাহ না করুক, কোনও আসন যদি কোনও কারণে শূন্য হয়, তাহলে সময়ের সীমাবদ্ধতার কারণে আপনারা আর নির্বাচন করার সুযোগ পাবেন না। তাই বলেছি, আপনাদের বিদায়ের বেলায় অন্ততপক্ষে টাঙ্গাইলের মির্জাপুরের নির্বাচনটা যেন নিরপেক্ষ হয়।’

তিনি আরও বলেন, ‌‘সিইসিকে বলেছি, আপনাদের যে শক্তি ও প্রশাসন শাসক দলের পক্ষে নির্লজ্জভাবে কাজ করতে চায়, তাদের যেন কন্ট্রোল করা হয়। নির্বাচনটা যাতে সুষ্ঠু হয়, মানুষ যাতে ভোট দিতে পারে। নির্বাচন ফেয়ার করার জন্য যা যা দরকার, তার সবটাই করা হবে বলে আমাদের আশ্বস্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার।’

 

/ইএইচএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের