দলের কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপিকে সভাপতি করে আগামী দুই বছরের জন্য জাতীয় পার্টি (জাপা) ঢাকা মহানগর দক্ষিণ কমিটি গঠিত হয়েছে।
শনিবার (১২ মার্চ) রাজধানীর মহানগর নাট্যমঞ্চে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের এমপি এ ঘোষণা দেন।
নতুন এই কমিটির সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন চেয়ারম্যানের উপদেষ্টা জহিরুল ইসলাম রুবেল।
জিএম কাদের আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও জাতীয় পার্টি মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, ‘মানুষের কষ্টে ঘরে বসে থাকতে পারে না হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টি। জাতীয় পার্টি গণমানুষের পাশে ছিল, আমরা মানুষের পাশে থাকবো।’








