জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের নামে চালু করা ‘পল্লীবন্ধু পদক-২০২১’ পেয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ আট জন বিশিষ্ট ব্যক্তি। রবিবার (২০ মার্চ) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে এই পদক তুলে দেন জাতীয় পার্টির নেতারা।
পুরস্কারপ্রাপ্ত বাকি ব্যক্তিরা হলেন, সাহিত্যে কবি ফজল শাহাবুদ্দীন (মরণোত্তর), কৃষি সাংবাদিকতায় চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, সংগীতে এন্ড্রু কিশোর (মরণোত্তর), শিক্ষায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহ, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক (মরণোত্তর), ক্রীড়ায় গোলাম সারোয়ার টিপু এবং শিল্পে বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ। পদক হিসেবে প্রত্যেককে উত্তরীয়, ক্রেস্ট, মেডেল ও ১ লাখ টাকার চেক দেওয়া হয়।
উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মজিবুল হক চুন্নু, পদক কমিটির আহ্বায়ক ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী ও সদস্যসচিব এম এম নিয়াজ উদ্দিন।









