সম্ভাব্য প্রার্থীদের উদ্দেশে জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, আগামী জাতীয় নির্বাচন কারও জন্যই সহজ হবে না। যেনতেন নির্বাচন করে কেউ আর পার পারে না। আমরা তিনশ আসনেই নির্বাচন করতে প্রস্তুতি নিচ্ছি। ত্রিমুখী নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে।
রবিবার (৪ সেপ্টেম্বর) বিকালে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে এক আলোচনা সভায় মুজিবুল হক চুন্নু এমপি এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপি ক্ষমতার দ্বন্দ্বে সহিংসতা শুরু করেছে। দেশের মানুষ সহিংস রাজনীতি পছন্দ করে না। এই সুযোগে জাতীয় পার্টির নেতাকর্মীরা সাধারণ মানুষের কাছে গিয়ে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের উন্নয়ন ও সুশাসনের দাওয়াত পৌঁছে দেবে।
মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, জাতীয় পার্টি নিয়ে আর কেউ খেলতে পারবে না। জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি এখন যেকোনও সময়ের চেয়ে বেশি শক্তিশালী। যারা জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায়, তারা বোকার স্বর্গে বাস করছে। জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ সফল হবে না।
তিনি বলেন, আগামী নির্বাচন অনেকের জন্যই অস্তিত্বের প্রশ্ন হয়ে দেখা দেবে। যারা পরাজিত হবে, তারা ইতিহাস থেকে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। তাই তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান মুজিবুল হক চুন্নু।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, এস এম মান্নান, আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরী, সুনীল শুভরায়, মীর আব্দুস সবুর আসুদ, আলহাজ্ব সফিকুল ইসলাম সেন্টু, আব্দুর রশীদ সরকার, আলমগীর সিকদার লোটন, এমরান হোসেন মিয়া, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, জহিরুল আলম রুবেল, চেয়ারম্যানের উপদেষ্টা একেএম মোস্তাফিজুর রহমান, মাহমুদুর রহমান, অ্যাডভোকেট তোফাজ্জেল হোসেন প্রমুখ।









