জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, নির্বাচনকালীন সরকার হবে বলে আমরা জানি না। আমাদের শাসন পদ্ধতিতে সব ক্ষমতা কেন্দ্রীভূত থাকে প্রধানমন্ত্রীর হাতে। মন্ত্রিসভায় কে থাকলো না থাকলো অথবা সংসদে কতজন সদস্য আছে বা নেই– তাতে কিছু এসে যায় না। প্রধানমন্ত্রীকে তার জায়গায় রেখে কোনও পরিবর্তনকে আমরা পরিবর্তন মনে করি না। বর্তমান পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বর্তমান পদ্ধতির পরিবর্তন হলেই সুষ্ঠু নির্বাচন হতে পারে। কী পদ্ধতি হয় সেটার ওপর অনেক কিছু নির্ভর করে।
রবিবার (১১ জুন) বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী উপস্থিত ছিলেন।
জি এম কাদের বলেন, ‘আমাদের দেশে নির্বাচনগুলোতে কোনও দলেরই সব আসনে যোগ্য প্রার্থী দেওয়া সম্ভব হয়ে ওঠে না। তাই কোনও না কোনও দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে হয়। প্রধান দুই দলের নেতৃত্বে শেষ পর্যন্ত দুটি জোটের প্রতিদ্বন্দ্বিতা হয়। একপর্যায়ে সব দল নিজস্বতা হারিয়ে দুটি দলে বিলীন হয়।’
তিনি বলেন, ‘আমরা তিনশ’ আসনের নির্বাচনের জন্যই প্রস্তুতি নিচ্ছি। দলকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছি। তবে নির্বাচনের সময় এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নেবো।’









