সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদের করা মামলায় জাতীয় পার্টির (রওশনপন্থি) মহাসচিব কাজী মামুনুর রশীদের বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট জারি করেছেন আদালত।
বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন এরিক এরশাদের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ জাফর উল্লাহ টিপু।
তিনি বলেন, মালামাল যে উদ্ধার চেয়েছি সেটির সার্চ ওয়ারেন্ট ইস্যু হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি এর শুনানি হয়েছে। শুনানি হওয়ার পরিপ্রেক্ষিতে কোর্ট এ আদেশ দিয়েছেন।
তিনি আরও বলেন, ২০২২ সালে মামলাটি দায়ের করা হয়। এরিক এরশাদের বাসা প্রেসিডেন্ট পার্ক থেকে এরশাদ ট্রাস্টের ১০০ পিস প্যাড, ট্রাস্টের গুরুত্বপূর্ণ কিছু চিঠি ও ব্যাংকের একটি চেক বইয়ের ১২টি চেক নিয়ে আর ফেরত দেননি কাজী মামুন। ঘটনার সময় তিনি এরশাদ ট্রাস্টের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। শুনানি শেষে আদালত এই নির্দেশ দেন।
এরিক এরশাদের ব্যক্তিগত সহকারী ড. মোর্শেদ মঞ্জুর বলেন, বারবার চাওয়ার পরও এসব ডকুমেন্ট কাজী মামুন ফেরত না দেওয়ায় আমরা আদালতের শরণাপন্ন হই।







