পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক ‘অভিনন্দন বার্তায়’ তিনি বিশ্বের মুসলিম জাতির প্রতি ভালোবাসা জানান। মহান ত্যাগের মহিমায় ভাস্মর এই দিন উপলক্ষে মুসলিম উম্মাহ্’র সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করেছেন তিনি।
বুধবার (৪ জুন) গণমাধ্যমে পাঠানো বার্তায় ফিলিস্তিনের জণগনের প্রতি সংহতি ও তাদের ন্যায্য অধিকারে সমর্থন পুনর্ব্যক্ত করেন গোলাম মোহাম্মদ কাদের। একইসঙ্গে দেশের সব ধর্মাবলম্বীদের প্রতিও সম্প্রীতি জানিয়েছেন তিনি।
জিএম কাদের বলেন, ঈদুল আজহা আমাদের ত্যাগ ও ধৈর্যের দীক্ষা দেয়। তিনি বলেন, ত্যাগ ও ধৈয্যের মহান আদর্শে বলীয়ান হয়ে বৈষম্যহীন ও প্রীতিময় কল্যাণ রাষ্ট্র গড়ার অনুপ্রেরণা হচ্ছে পবিত্র ঈদুল আজহা।
জাতীয় পার্টি চেয়ারম্যান অভিনন্দন বার্তায়, হযরত ঈব্রাহীমের (আ.) মহান ত্যাগ ও ইসলামের শতশত শিক্ষায় সব ভেদাভেদ ভুলে জাতীয় ঐক্যের প্রতি গুরুত্ব আরোপ করেছেন। অভিনন্দন বার্তায় সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন জিএম কাদের।








