জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, গতকাল সন্ত্রাসীরা আমাদের দলীয় কার্যালয়ে আগুন দেয়। আমরা পুলিশের কাছে কৃতজ্ঞ, তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণ করে সন্ত্রাসীদের প্রতিহত করেছে। এই মুহূর্তে অনেকেই জাতীয় পার্টিকে ব্যান করার কথা বলছে। জাতীয় পার্টি কখনও সন্ত্রাসী কর্মকাণ্ড করেনি, তাই সন্ত্রাসবিরোধী আইনে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা বা কর্মকাণ্ড নিষিদ্ধ করার আইনগত দাবি উঠতে পারে না।
রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে কয়েকটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, আরপিও অনুযায়ী যেসব কাজ করলে একটি দলের নিবন্ধন বাতিল হতে পারে, এমন কোনও কাজ জাতীয় পার্টি কখনোই করেনি। জাতীয় পার্টির বিরুদ্ধে এমন কোনও অভিযোগও নেই। যারা জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি তুলছে তাদের এ দাবি অযৌক্তিক।
তিনি বলেন, এমন দাবিতে আমরা ভীতসন্ত্রস্ত নই। আমরা আশা করছি সরকার ভ্রান্ত দাবিতে ভ্রান্ত সিদ্ধান্ত নেবে না।
জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সবাই প্রস্তুত থাকুন। কোনও আঘাত এলে জবাব দিতে হবে। আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন শান্তিপূর্ণ পরিবেশে করবো। প্রয়োজনে সবাইকে ঢাকায় আসতে হবে। জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে। জাতীয় পার্টি জি এম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। দেশ, জনগণ ও গণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টি কাজ করছে। দেশটা আমাদের সবার, সবাই মিলেই এই দেশকে বাঁচাতে হবে।








