শেখ হাসিনা এলে এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে: নাহিদ ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২৬, ২১:০৯আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ২১:০৯

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে এলে তাকে সরাসরি বিমানবন্দর থেকে ফাঁসির মঞ্চে নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার এক দফা’ শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন নাহিদ ইসলাম। সোমবার (৩ আগস্ট) দুপুরে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে এ সভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

নাহিদ ইসলাম বলেন, ‘যদি শেখ হাসিনা ডিসেম্বরে আসে, সেই ডিসেম্বরে আসার জন্য যদি ব্যবস্থা তারেক রহমান (প্রধানমন্ত্রী) করে দেয়, তাহলে সেটার জন্য আপনারা (জুলাই যোদ্ধা ও আহত) প্রস্তুত আছেন তো? আমরা সবাই সেটার জন্য প্রস্তুত আছি; এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে, কোনও কথা হবে না। পুরা বাংলাদেশের জনগণ...সেদিন থাকবে বাংলাদেশের রাজপথে, ঢাকার রাজপথে; সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত রাজপথ থেকে ঘরে ফিরবো না।’

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের ‘‘এক দফা’’ ছিল শুধু শেখ হাসিনার পতন নয়; বরং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা।’ তবে দুই বছর পরও সেই লক্ষ্য পূরণ হয়নি বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, এক দফার আংশিক বাস্তবায়ন হলেও রাষ্ট্রসংস্কার, বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠার মূল লক্ষ্য এখনও অপূর্ণ রয়ে গেছে।

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়িত না হওয়ায় দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি উল্লেখ করে এনসিপির আহ্বায়ক অভিযোগ করেন, শহীদ পরিবার এখনও বিচার পায়নি, আহত ব্যক্তিদের পুনর্বাসন সম্পন্ন হয়নি এবং রাষ্ট্রের বিভিন্ন খাতে দলীয়করণ, দুর্নীতি ও চাঁদাবাজি অব্যাহত রয়েছে। তার দাবি, এক দফার লক্ষ্য পূরণ হলে এসব সমস্যার পুনরাবৃত্তি হতো না।

সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকার বিচার ও সংস্কারের প্রশ্নে প্রত্যাশা পূরণ করতে পারেনি। তিনি অভিযোগ করেন, জুলাই গণহত্যার বিচার, গুম-খুনের বিচার এবং আন্দোলন– সংশ্লিষ্ট বিভিন্ন মামলার অগ্রগতি থমকে আছে। আহত ব্যক্তিদের জন্য দেওয়া স্বাস্থ্যসেবা সংক্রান্ত সুবিধাও কার্যকর নয় বলে দাবি করেন তিনি।

সংবিধান ও রাষ্ট্রসংস্কারের প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, বিদ্যমান রাষ্ট্রকাঠামো বহাল রেখে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। তিনি নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের দাবি পুনর্ব্যক্ত করে বলেন, সংস্কারের উদ্যোগ ব্যাহত হলে নতুন সংবিধানের দাবিতে আবারও আন্দোলন গড়ে তোলা হবে।

সরকারের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, জুলাই গণহত্যার বিচার এবং প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের জন্য দ্রুত রোডম্যাপ ঘোষণা করতে হবে। না হলে চলমান আন্দোলন আরও তীব্র হবে। জুলাই আন্দোলনের শহীদরা কোনও ব্যক্তি বা দলকে ক্ষমতায় বসানোর জন্য জীবন দেননি; তারা একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রের প্রত্যাশায় আত্মত্যাগ করেছিলেন। সেই লক্ষ্য বাস্তবায়ন করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব।

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নিয়ে বিতর্কের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ‘শহীদ ও আহত ব্যক্তিদের আত্মত্যাগকে খাটো করার চেষ্টা চলছে।’ তবে জনগণ এখনও বৈষম্য, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছেন বলে তার দাবি।

/এসও/আরকে/
সম্পর্কিত
টোল আদায়ে অনিয়মের মামলা: শেখ হাসিনাসহ ১৭ জনের প্রতিবেদন ১০ ডিসেম্বর
দিল্লির কাছে মাথানত করে সরকার তিস্তা মহাপরিকল্পনা থেকে সরেছে: নাহিদ ইসলাম
লংমার্চ করে কি সরকারের পতন ঘটানো সম্ভব
সর্বশেষ খবর
রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীদের ভাঙচুর
রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীদের ভাঙচুর
টিভিতে আজকের খেলা (২১ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২১ সেপ্টেম্বর, ২০২৬)
শাহজালালে ৯৮ হাজার রিয়ালসহ দুবাইগামী যাত্রী আটক
শাহজালালে ৯৮ হাজার রিয়ালসহ দুবাইগামী যাত্রী আটক
সিএনজি ফিড গ্যাসের দাম ঘনমিটারে ৬ টাকা কমানোর দাবি
সিএনজি ফিড গ্যাসের দাম ঘনমিটারে ৬ টাকা কমানোর দাবি
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার