জামায়াত-শিবির দেশে আইএসের প্রক্সি দিচ্ছে বলে মন্তব্য করেছেন শোকাকিয়া ঈদ গায়ের ইমাম মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, যেখানে জামায়াত-শিবির আছে, সেখানে আইএসের প্রয়োজন পড়ে না। বুঝতে পারছি না জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে সরকারের এত ভয় কেন? ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে এসব কথা বলেন।
ইসলাম ধর্মের অপব্যাখ্যা দেওয়ার অভিযোগ টেনে ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, ইসলাম ধর্মের আপব্যাখ্যা দিয়ে ইসলামের বিকৃত ব্যবহার করা হচ্ছে। ধর্মের নামে তারা ঘোষণা দিয়ে এটা করছে। এখানে লুকোচুরি নেই।
আলেম সমাজের মাধ্যমে বুদ্ধিভিত্তিক চর্চা করে জঙ্গি-সন্ত্রাসী গোষ্ঠীকে সুপথে আনার প্রস্তাব করে ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, যারা এগুলো করছে, তাদের মৃত্যু দণ্ডেদণ্ডিত করে লাভ নেই। কারণ ওরা তো মৃত্যুদণ্ড দিলে বেশি খুশি হয়। মনে করে বেহেস্তে যাওয়ার পথ সহজ হয়ে গেল। তাদের মনের মধ্যে ইসলামের আপব্যাখ্যা গেঁথে গেছে। সুতরাং তাদের বুদ্ধিভিত্তিক ব্যাখ্যা দিয়ে ফেরাতে হবে। এটা পারেন আমাদের দেশের আলেমরা। সবার দায়িত্ব আছে। কিন্তু আলেমদের বেশি দায়িত্ব আছে। কারণ এখানে ইসলামের আপব্যাখ্যার বিষয় আছে। তাদের প্রতিরোধ করতে হলে আলেমদের সক্রিয় করতে হবে। এই আত্মঘাতীদের কাছে পৌঁছাতে হবে, তারা যা করতে তা করলে বেহেস্ত পাবে কি না। তাদের ইসলামের মর্মবাণী বোঝাতে হবে।
সরকার ও জনগণের মধ্যে ভীতি সৃষ্টি করতে এভাবে বিচ্ছিন্ন আক্রমণ হচ্ছে মন্তব্য করে মাসঊদ বলেন, তারা জানে এভাবে হামলা চালিয়ে সরকারের পতন সম্ভব নয়। তাদের মূল লক্ষ্যে আতঙ্ক ছড়ানো। কারণ অতঙ্কিত করতে পারলে প্রতিরোধ শক্তি কমে যায়। তবে আমি মনে করি এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে মতবিনিময়সভায় আরও উপস্থিত ছিলেন ১৪ দলের কেন্দ্রীয় নেতারাসহ বিভিন্ন পেশাজীবী নেতারা।
/ইএইচএস/এমএনএইচ/







