রাষ্ট্রধর্ম ইসলাম সম্পর্কে ড. আবদুর রাজ্জাকের বক্তব্যকে উস্কানিমূলক বলে আখ্যায়িত করেছেন বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এমএম আমিনুর রহমান। তিনি বলেন, ‘এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্যের প্রতিফলন ঘটিয়ে সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম সংযোজন করা হয়। রাষ্ট্রধর্ম ইসলাম সম্পর্কে ড. রাজ্জাকের বক্তব্য অযৌক্তিক।’ বৃহস্পতিবার তিনটায় পল্টনস্থ কল্যাণ পার্টির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
এমএম আমিনুর রহমান আরও বলেন, ‘সংবিধান একটি দেশের রাজনৈতিক দর্শনের প্রতিফলন। তাতে মানুষের চিন্তা-চেতনার রূপায়ণ ঘটে। সংখ্যাগরিষ্ঠ জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি ঘটে।’
মুসলিম জনসংখ্যা অধ্যুষিত বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার চিন্তাকে অনভিপ্রেত বলে মন্তব্য করে এমএম আমিনুর রহমান বলেন, ‘ধর্মনিরপে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অনেক দেশে ইসলাম রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃত। আলজেরিয়া, বাহরাইন, ব্রুনেই, মিসর, ইরাক, জর্ডান, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, কাতার সোমালিয়া তিউনিসিয়াসহ ৪৬টি মুসলিম দেশে ইসলাম রাষ্ট্রধর্ম।’
কল্যাণ পার্টির ঢাকা নগর সভাপতি জনাব আলী হোসেন ফরায়েজী সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কল্যাণ পার্টি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম সরকার, প্রচার সম্পাদক এরশাদুর রহমান, দফতর সম্পাদক আল আমিন ভুইয়া রিপন, নগর যুববিষয়ক সম্পাদক মুসা মিয়া মজুমদার, ছাত্র কল্যাণ সাধারণ সম্পাদক শেখ এনামুল হাসান তানিম প্রমুখ।
/এসটিএস/এমএনএইচ/








