রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি শ্রমিক শ্রেণিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, ‘সরকার বলছে, দেশে উন্নয়নের জোয়ার বইছে। অথচ আমাদের রফতানি দিন দিন কমছে, কমছে কর্ম সংস্থানের হারও।’ শুক্রবার বিকালে গুলিস্তানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে শ্রমিক শ্রেণির করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আসম রব বলেন, ‘সব গণতান্ত্রিক আন্দোলনেই শ্রমিক শ্রেণি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মহান মুক্তিযুদ্ধেও শ্রমিকদের ভূমিকা অবিস্মরণীয়। আজ দেশে গণতন্ত্রের নামে যে স্বৈরশাসন চলছে, নির্বাচনের নামে যে প্রহসন চলছে, তা থেকে উত্তরণের জন্য শ্রমিক শ্রেণিকে এগিয়ে আসতে হবে।’
সভায় জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন বলেন, ‘দেশে যে লাখ-লাখ কোটি টাকা রাজস্ব আদায় হয়, তা শ্রমিক-কৃষক ও মধ্যবিত্ত শ্রেণিই দেয়। ধনিক শ্রেণি ট্যাক্সের নামে যা দেয়, তা শ্রমিক-কৃষক, মধ্যবিত্ত শ্রেণির কাছ থেকে দ্বিগুণ হারে আদায় করে নেয়। অথচ শ্রমিকদের কল্যাণে সে টাকা দেওয়া হয় না। এ অবস্থা পরিবর্তনের জন্য দেশের সব পর্যায়ের স্থানীয় সরকার ও পার্লামেন্টে শ্রমিকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।’
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবীর কাদের সিদ্দিকী ( বীর উত্তম), মাহমুদুর রহমান মান্না, এস এম আকরাম, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মাহি বি চৌধুরী ও আ ব ম মোস্তফা আমিন।
জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি জনাব এয়ার আহম্মেদের সভাপতিত্বে ও জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোটের সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেএসডি নেতা এম এ গোফরান, আতাউল করিম ফারুক, মো. সিরাজ মিয়া, মিসেস তানিয়া রব, শহীদ উদ্দীন মাহমুদ স্বপন প্রমুখ।
/এসটিএস/এমএনএইচ/







