ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের কার্যালয়ের সামনে সাধারণ ছাত্রছাত্রীদের ওপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদের প্রশ্ন, ‘একজন ছাত্রী আরেক ছাত্রীর ওপর কীভাবে হামলা করতে পারে? এটা কোন ধরনের সভ্যতা ও রাজনীতি?’ বুধবার (২৪ জানুয়ারি) বিকালে পুরানা পল্টনে দলের মিলনায়তনে এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘এ ধরনের ধ্বংসাত্মক রাজনীতির কবল থেকে জাতি মুক্তি চায়। যে রাজনীতি মানুষকে আহত করে, যে রাজনীতি মানুষের মৌলিক অধিকার কেড়ে নেয়, সেই ধরনের রাজনীতি কারও কাম্য হতে পারে না। রাজনীতি মানুষের কল্যাণের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র নামধারী ছাত্রলীগের তাণ্ডবে দেশবাসী চরম উদ্বিগ্ন।’
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিবের ভাষ্য, ‘বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে যে কেউ কর্মসূচি পালন করতেই পারে। কিন্তু এভাবে নির্লজ্জতার পরিচয় দেওয়া কোন ধরনের সংস্কৃতি? মেয়েদের জামা-কাপড় টানাটানি ও চুল ধরে টানাহেঁচড়া করা কোন ধরনের সভ্যতা?’
মাওলানা ইউনুছ আহমাদ মনে করেন, এমন অস্থিতিশীল পরিস্থিতির অবসান হওয়া উচিত। তিনি বলেন, ‘ইসলাম কখনোই এ ধরনের রাজনীতিকে সমর্থন করে না।’
সভায় আরও ছিলেন দলটির রাজনৈতিক উপদেষ্টা আশরাফ আলী আকন, সহকারী মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম, মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আশরাফুল আলম, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম প্রমুখ।








