দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ সুনিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (একাংশ) সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের। বুধবার (২৪ জানুয়ারি) বিকালে ঢাকার পল্টনে ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে তার মুখে এ মন্তব্য শোনা যায়। সেখানে ছাত্র জমিয়তের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তিনি।
মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের ভাষ্য— ‘ছাত্র রাজনীতির নামে তথাকথিত লাঠিয়াল বাহিনী আইন করে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজিসহ বিভিন্ন অনাচারে নিমজ্জিত আজকের ঘুণে ধরা সমাজব্যবস্থার পরিবর্তনে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও জমিয়ত মহাসচিব মুফতি শেখ মুজিবুর রহমান। তার কথায়, ‘দেশের সবশ্রেণির ছাত্রদের কাছে ইসলামের শাশ্বত সুন্দর ও কল্যাণের বারতা পৌঁছে দেওয়া ছাত্র জমিয়ত কর্মীদের নৈতিক দায়িত্ব। মেধা, যোগ্যতা ও সাংগঠনিক কর্মতৎপরতার মাধ্যমে ইসলাম আর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্র প্রতিরোধের জন্য ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে।’
ছাত্র জমিয়তের আহ্বায়ক তোফায়েল গাজ্জালির সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জমিয়তের যুগ্ম-মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, মাওলানা আব্দুল হক কাউসারী, মুফতি জাকির হোসাইন খান, মুফতি রেজাউল করীম, মুফতি রেদওয়ানুল বারী সিরাজী, হাফিজ মাসরুর আহমদ, মাওলানা বেলায়েত হোসাইন আল ফিরোজী, মাওলানা মামুন রশীদ প্রমুখ।







