খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, ‘দেশে নির্বাচনের নামে আর কোনও প্রহসন দেখতে চায় না জনগণ। ৫ জানুয়ারির মতো ভোট ও ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকার চেষ্টা জনগণ কোনোভাবেই মেনে নেবে না।’ শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে ঢাকার শাহজাহানপুরে খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরার সাধারণ অধিবেশনে তিনি এ কথা বলেন।
সভাপতির বক্তব্যে খেলাফত মজলিসের আমীর বলেন, ‘দেশবাসী তাদের ভোটের অধিকার ফিরে পেতে চায়। দেশ ও জাতির কল্যাণ চাইলে সরকারকে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের গণদাবি মেনে নিতে হবে। এক্ষেত্রে কোনও ছাড় দেওয়া হবে না।’
আগামী জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিসের নেতাকর্মীদের বলিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন মাওলানা ইসহাক। তার ভাষ্য, ‘দেশের সর্বত্র ঘুষ, দুর্নীতি, হানাহানি, গুম, খুন, নৈতিক অবক্ষয় চরম আকার ধারণ করেছে। জনপ্রতিনিধিত্বশীল সরকার, ন্যায়বিচার, আইনের শাসনের অভাবই এসব কর্মকাণ্ড ও অশান্তির মূল কারণ। এ অবস্থা থেকে মুক্তি পেতে ইসলামের সুমহান আদর্শের আলোকে সমাজ গঠন, ইসলামী আদর্শের আলোকে জাতিকে উদ্ভাসিত করা এবং সৎ ও আদর্শবান ব্যক্তিদের জাতির নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে আসতে হবে।’
শুক্রবারে দলের অধিবেশনে ছয়টি প্রস্তাব গৃহীত হয়। এসব বিষয়ের মধ্যে রয়েছে— চলমান রাজনৈতিক সংকট নিরসনে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, চাল-ডাল-পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ও অর্থনৈতিক ক্ষেত্রে অস্থিরতা, প্রশ্নফাঁস ও শিক্ষাঙ্গনে নৈরাজ্য, জেরুজালেমকে অবৈধ ইসরায়েলের রাজধানী ঘোষণা, রোহিঙ্গা নির্যাতন ও বাংলাদেশে আশ্রয় নেওয়া শরণার্থীদের ফেরত পাঠানো।
দলটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে ছিলেন নায়েবে আমির মাওলানা সৈয়দ মজিবর রহমান, মাওলানা সাখাওয়াত হোসাইন, যুগ্ম-মহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, শেখ গোলাম আসগর, মুহাম্মদ মুনতাসির আলী, সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল প্রমুখ।







