তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘বন্দুকযুদ্ধ দিয়েই কেবল মাদক নির্মূল করা যাবে না। এজন্য প্রয়োজন সমাজের সব অংশের মানুষের প্রতিরোধ।’ মঙ্গলবার দুপুরে সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজে আয়োজিত মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
রাশেদ খান মেনন বলেন, ‘মাদক নির্মূলে শিক্ষক সমাজ এক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। শিক্ষকদের কাছেই ছেলে-মেয়েরা অধিকাংশ সময় থাকে, তাদের অনুসরণ করে। সুতরাং বর্তমান তরুণদের মাদকের হাত থেকে মুক্ত করতে শিক্ষকদের বড় ভূমিকা রাখতে হবে।’
শিক্ষক, অভিভাবকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘মাদকের থাবা এখন আর ঢাকা শহরেই কেবল সীমাবদ্ধ নেই, মাদক এখন চলে গেছে গ্রামের হাইস্কুলের ক্লাসরুম পর্যন্ত। বিষয়টি কোনোভাবেই আর অবহেলার বিষয় নেই, এই বিষয়টিই এখন সবচেয়ে উদ্বেগের-উৎকণ্ঠার। যেভাবে মাদকের অবাদ বিচরণ চলেছে তার লাগাম যদি টেনে না ধরা যায়, স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ে যদি সচেতনতা সৃষ্টি না করা যায়, তাহলে এই মাদক জাতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। এ কারণেই বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। দেশব্যাপী মাদক নির্মূলে সাঁড়াশি অভিযান চলছে।’
সমাজকল্যাণমন্ত্রীর প্রেস সেক্রেটারি রফিকুল ইসলাম সুজনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, অনুষ্ঠানে মেনন বলেন, ‘দেশের ভবিষ্যৎ নির্ভর করে একটি দেশের শিক্ষার্থী ও যুব সমাজের ভবিষ্যৎ বিনির্মাণের ওপর।আজ মাদক আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ধাবিত করছে।আমাদের সতর্ক অবস্থান না নিলে আমরা আমাদের যুব সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে হারাবো।’
সিদ্ধেশ্বরী কলেজের অধ্যক্ষ শেখ জুলহাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রমনা থানা আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির স্থানীয় নেতারা।








