ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘নীতি-আদর্শ বিসর্জন দিয়ে ইসলামী আন্দোলন কোনও রাজনীতি করবে না। ইসলামী শাসন প্রতিষ্ঠায় কেউ আগ্রহী হলে তাদের সঙ্গেই জোট বা সমঝোতা হবে।’
শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিকালে গুলিস্তানে ইসলামী শ্রমিক আন্দোলন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রেজাউল করিম বলেন, ‘নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল জোট মহাজোটের সমীকরণ নিয়ে ব্যস্ত। দেশে প্রতিহিংসার রাজনীতি চলছে। এ থেকে বের হয়ে আসতে না পারলে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণ হবে না। শান্তি ও মুক্তি পেতে হলে প্রতিহিংসার রাজনীতি ত্যাগ করে ইসলামী শাসনে ফিরে আসতে হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরে পেতে হলে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, প্রেসিডিয়াম সদস্য ডা. মুখতার হুসাইন, মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, সাবেক মহাসচিব নূরুল হুদা ফয়েজী প্রমুখ।








