প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী এবং আগামী সংসদে ছেলে মাহী বি. চৌধুরীকে দেখতে চান বিকল্পধারার প্রেসিডেন্ট ডা. বদরুদ্দোজা চৌধুরী। শুক্রবার গণভবনে যুক্তফ্রন্ট-আওয়ামী লীগ সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি পরোক্ষভাবে এবং পরে যুক্তফ্রন্টের আরেক নেতা সরাসরি এমন অভিপ্রায় ব্যক্ত করেছেন।
আওয়ামী লীগের নির্ভরশীল একটি সূত্র বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছে।
শুক্রবারের সংলাপে অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একজন নেতা বলেন, বি. চৌধুরী আওয়ামী লীগ ও ১৪ দলের কাছে তাদের দাবিগুলো তুলে ধরেন। এরপর আলোচনাকালে তার এমন মনোভাব প্রকাশ পায়। পরে তার দলের আরেক নেতা সরাসরি এমন বক্তব্য রাখেন। তবে ওই নেতার নাম তিনি উল্লেখ করেননি।
এদিকে, প্রধানমন্ত্রীও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।
প্রসঙ্গত, ২ নভেম্বর রাতে আওয়ামী লীগ ও ১৪ দলের সঙ্গে যুক্তফ্রন্টের সংলাপ অনুষ্ঠিত হয়। বিকল্পধারার প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে যুক্তফ্রন্টসহ বিভিন্ন দলের ২১ প্রতিনিধি অংশ নেন। অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ও ১৪ দলের পক্ষে উপস্থিত ছিলেন ২০ জন নেতা।
সংলাপ শেষে উভয়পক্ষ থেকেই জানানো হয়, আলোচনা ফলপ্রসূ হয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, যুক্তফ্রন্টের প্রায় সব দাবি মেনে নেওয়া হয়েছে। তাদের মনে হয়েছে যুক্তফ্রন্ট সংবিধানসম্মত উপায়ে নির্বাচনে অংশ নিতে রাজি আছে।








