৩০ ডিসেম্বর ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। একইসঙ্গে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবার আহ্বান জানানো হয়।
শুক্রবার (২৮ ডিসেম্বর) সিপিবির কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের সভায় নেতারা এ কথা বলেন।
জোটের নেতারা বলেন, সুষ্ঠুভাবে ভোটদানের পরিবেশ নিশ্চিত করতে না পারলে এ দায়িত্ব নির্বাচন কমিশন ও সরকারকে বহন করতে হবে।
সভায় বলা হয়, সারাদেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই। সরকার গণতন্ত্রকে হত্যা করে নির্বাচনে জেতার যে পরিকল্পনা করেছে তা বাস্তবায়ন করতে প্রশাসন, দলীয় সন্ত্রাসী বাহিনীসহ সবকিছুকে ব্যবহার করা হচ্ছে। এর মধ্য দিয়ে নির্বাচনে জেতার সব আয়োজন সম্পন্ন করছে।
সরকারের নীলনকশা বানচাল করতে ভোটারদের সকাল সকাল ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে, চলমান দুঃশাসনের অবসান ঘটাতে বাম জোটের প্রার্থীদের কাস্তে, মই ও কোদাল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
জোটের সমন্বয়ক ও সিপিবি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, রুহিন হোসেন প্রিন্স, বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ প্রমুখ।







