দেশ আজ গভীর সংকটে বলে মন্তব্য করেছেন ২০ দলীয় জোটের শরিক দল কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। তিনি বলেন, ‘দেশের গণতন্ত্র আজ প্রশ্ন বিদ্ধ। ভোটের অধিকারসহ মৌলিক অধিকার থেকে দেশের জনগণ বঞ্চিত।’
শুক্রবার (১ ফেব্রুয়ারি) বিকালে মহাখলী দলীয় কার্যালয়ে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন। ডাটাবেজের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের তথ্য সংগ্রহের জন্য এই কর্মসূচি আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। নতুন সদস্য হতে ও নবায়ন করতে ২০ টাকা লাগবে।
ইবরাহিমের দাবি, মুক্তিযুদ্ধের মূল চেতনা থেকে সরে যাওয়ার কারণেই দেশে এই সংকট সৃষ্ট হয়েছে। এই সংকট শুধু ২০ দলীয় জোট ও ঐক্য ফ্রন্টের নয়, এটি একটি জাতীয় সংকট এই সংকট উত্তরনের জন্য সব রাজনৈতিক দলকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
বাংলাদেশ কল্যাণ পার্টি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল বলে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘দলটির সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে আজকের এই কর্মসূচি।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ফোরকান ইবরাহিম, এম ইলিয়াস, ভাইস চেযারম্যান বেনী আমিন প্রমুখ।








