দুর্নীতি, লুটপাট ও ক্যাসিনো-মাদকের অভিযোগে কোনও কোনও রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে চলমান প্রশাসনিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জাসদ (আম্বিয়া)। দলটির সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, ক্ষমতাসীন দলের পরিচয়ধারী লুটেরা-দুর্নীতিবাজ কতিপয় ব্যক্তির বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান অভিযানকে আমরা স্বাগত জানাই। রবিবার (২৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।
বিবৃতিতে জাসদ নেতারা বলেন, দেশ ও সমাজবিরোধী এসব অপকর্মের পেছনে সক্রিয় বড় ভাই-গডফাদারদের এখনও আইনের আওতায় আনা হয়েছে বলে জনগণ মনে করে না। আপাতদৃশ্যমান সরকারের দৃঢ় ভূমিকা অব্যাহত থাকবে, জনগণ তা-ই কামনা করে। তারা আরও বলেন, দুর্নীতি-লুটপাট-ক্যাসিনো-মাদকের বিরুদ্ধে শক্তিশালী ব্যবস্থা গড়ে তুলতে হলে রাজনৈতিক-অর্থনৈতিক ও আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। যে রাজনৈতিক ছত্রচ্ছায়া ব্যবহার করে এসব ব্যক্তি দুর্বৃত্তপনায় লিপ্ত হয়েছে, সেই রাজনৈতিক প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত করতে হবে। একইভাবে যে অর্থনৈতিক ব্যবস্থায় লুটের ও প্রতিপত্তি অর্জনের সুযোগ রয়েছে, তারও সংস্কার করে দুর্নীতি ও দুর্নীতিলব্ধ বিত্ত-বৈভব ভোগ করার সুযোগ বন্ধ করতে হবে। আইনের শাসনের পূর্ণ প্রয়োগ ও ন্যায়বিচার নিশ্চিত করে অপরাধীদের শাস্তি দেওয়া ও ভবিষ্যৎ লুটের পথ বন্ধ করারও আহ্বান জানান তারা।








