জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি বলেছেন, বেগম রোকেয়া ধর্মান্ধতা ও ধর্মীয় কুসংস্কারের অচলায়তন ভেঙে বাংলার নারীদের মুক্তির লক্ষ্যে নারী জাগরণের পথ রচনা করে গিয়েছেন। ধর্মের অপব্যাখ্যা দিয়ে রাজনৈতিক মোল্লা, ধর্ম ব্যবসায়ী, ফতোয়াবাজরা এখনও নারীকে মানুষ হিসাবে মর্যাদা প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি করে চলেছে।
বেগম রোকেয়া দিবস উপলক্ষে বেগম রোকেয়ার প্রতিকৃতিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা নিবেদনের পর তিনি এসব কথা বলেন। বুধবার ( ৯ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের অফিসের শহীদ কর্নেল তাহের মিলনায়তনে শ্রদ্ধার্পণ করে জাসদের কেন্দ্রিয় কমিটি।
এ সময় জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, সহ-সভাপতি উম্মে হাসান ঝলমল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, জাতীয় শ্রমিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার খোরশেদ, জাতীয় যুব জোটের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সামসুল ইসলাম সুমন উপস্থিত ছিলেন ।








