বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের মৃত্যুতে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় তিনি বলেন, ‘ব্যারিস্টর মওদুদ আহামদের মৃত্যুতে আমি অত্যন্ত ব্যথিত এবং দুঃখিত হয়েছি।’
মঙ্গলবার (১৬ মার্চ) বি. চৌধুরী গণমাধ্যমে দেওয়া শোকবাণীতে আরও বলেন, ‘আমরা দীর্ঘদিন একসঙ্গে রাজনীতি করেছি। বেশিরভাগ সময় একপক্ষে রাজনীতি করেছি। তিনি জ্ঞানী মানুষ ছিলেন, অত্যন্ত শিক্ষিত মানুষ ছিলেন। বিচার বিশ্লেষণ করার ক্ষমতা এবং দক্ষতা সত্যি সত্যিই খুব ইমপ্রেসিভ ছিল। সে জন্য তিনি আমার বয়সে ছোট হলেও প্রিয় মানুষ ছিলেন, বন্ধুবৎসল ছিলেন। সুন্দর সেন্স অফ হিউমার ছিল। রাজনীতির জন্য তিনি এলাকার মানুষের অত্যন্ত কাছাকাছি পৌঁছেছিলেন। যারাই রাজনীতি করতেন তাদের সঙ্গে তার সখ্য এবং বন্ধুত্ব ছিল। তার এই রাজনীতির প্রজ্ঞা এবং বুদ্ধিমত্তা বংলাদেশের রাজনীতিতে বড় রকমের প্রভাব ফেলেছিল। তার চলে যাওয়াটা বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে একটা শূন্যতা সৃষ্টি করেছে।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক প্রধানমন্ত্রী মওদুদ আহমদ মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইন্তেকাল করেন। উন্নত চিকিৎসার জন্য গত ১ ফেব্রুয়ারি সস্ত্রীক সিঙ্গাপুরে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। এর আগে থেকেই তিনি গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।









