সম্প্রতি ১১ জন বিশিষ্ট নাগরিক হেফাজতে ইসলামের বিরুদ্ধে যে বিবৃতি দিয়েছেন তা অমানবিক ও উস্কানিমূলক’ বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
বুধবার (৩১ মার্চ) এক বিবৃতিতে তিনি বলেন, দেশপ্রেমিক ও ধর্মপ্রাণ প্রতিবাদী জনতার আন্দোলনের বিরুদ্ধে বিশিষ্ট নাগরিকের বিবৃতিকে আমরা অমানবিক, উস্কানিমূলক ও গণবিরোধী বলে মনে করছি।
বিবৃতিতে মাওলানা আজিজুল হক দাবি করেন, পুলিশ বিনা উস্কানিতে হেফাজতের কর্মীদের গুলি করে হত্যা করেছে। পুলিশের গুলিতে হত্যাকাণ্ডের নিন্দা না জানিয়ে একতরফাভাবে প্রতিবাদী জনতার গণপ্রতিরোধকে আপনারা তথাকথিত ‘তাণ্ডব’ আখ্যা দিয়ে গণবিরোধী অবস্থান নিয়েছেন।
মাওলানা আজিজুল হক বলেন, ডিজিটাল সিকিউরিটি আইনে গ্রেফতার হওয়া লেখক মুশতাক আহমেদ সম্প্রতি কারান্তরীণ অবস্থায় মারা যাওয়ার পর আপনাদের কোনও বিবৃতি বা বক্তব্য পাওয়া যায়নি। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেলেও আপনাদের টু শব্দও শোনা যায় না। জনগণের কোনও ইস্যুতেই আপনাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে দেখা যায় না। তাহলে আপনারা কোন মুখে নিজেদের ‘বিশিষ্ট নাগরিক’ দাবি করেন?









