আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলে এশিয়ার এ অঞ্চলে ভূ-রাজনীতিতে নতুন সমীকরণ, অস্থিরতা ও নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) তালেবান ও আফগানিস্তান প্রসঙ্গে এক বিবৃতিতে এ আশঙ্কার কথা জানান তিনি।
সাইফুল হক বলেন, ‘ভিয়েতনামের পর আফগানিস্তানে দখলদার আগ্রাসী মার্কিন বাহিনীর লজ্জাজনক রাজনৈতিক ও সামরিক পরাজয় ঘটেছে।’ তিনি মনে করেন, তালেবানের বিজয়ে আফগান জনগণের স্বাধীনতার মুক্তি, নারী অধিকারসহ গণতান্ত্রিক অধিকারের ক্ষেত্রে নতুন উদ্বেগ-উৎকন্ঠার জন্ম দিয়েছে।
সাইফুল হক বলেন, ‘দখলদারিত্বের গত দুই দশকে সামাজিক সুরক্ষা, গণতান্ত্রিক পদক্ষেপ, নারী অধিকার, ক্রীড়া, শিক্ষাসহ সামাজিক অগ্রগতির সূচকে যেটুকু অর্জন রয়েছে তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের ইতিবাচক ভূমিকা পালনের অবকাশ রয়েছে।’
আফগানিস্তানে সম্ভাব্য মানবিক বিপর্যয় রোধেও জাতিসংঘসহ বিশ্বসম্প্রদায় এগিয়ে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।









