অনতিবিলম্বে কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভা ডেকে জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে দলের সভাপতি ড. কামাল হোসেনকে চিঠি দিয়েছেন গণফোরামের (বিদ্রোহী অংশ) কয়েকজন নেতা।
বুধবার (২৫ আগস্ট) মোস্তফা মোহসীন মন্টু, অধ্যাপক আবু সাইয়িদ, সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিক, মহসিন রশিদ, মহীউদ্দিন আব্দুল কাদের স্বাক্ষরিত এ চিঠি দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক আবু সাইয়িদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ বিষয়ে মন্টু সাহেবের সঙ্গে কথা বলুন।' পরে মোস্তফা মহসীন মন্টু বলেন, ‘মঙ্গলবার (২৪ আগস্ট) চিঠি পোস্ট করা হয়েছে।’
‘গণফোরামের চলমান সংকট উত্তরণে ড. কামাল হোসেনকে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সিনিয়র নেতৃবৃন্দের আহবান’ শীর্ষক চিঠিতে বলা হয়েছে, ‘গঠনতন্ত্র লঙ্ঘন করে মোকাব্বির খানকে সংগঠনের একমাত্র কার্যকরী সভাপতি পদে নিয়োগ দিয়েছেন। বারবার গঠনতন্ত্র বিরোধী ও এক্তিয়ার বহির্ভূত কর্মকাণ্ড দলের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে চরম হতাশা, নিষ্ক্রিয়তা ও দলের প্রতি অনীহা সৃষ্টি করছে। এভাবে আপনি বারবার গঠনতন্ত্র লঙ্ঘন করে দলের মধ্যে চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছেন।
কামাল হোসেনকে উদ্দেশ্যে করে চিঠিতে উল্লেখ করা হয়, ‘আপনি শুধু দলের সভাপতি নন, প্রতিষ্ঠাতা হিসাবে দলকে চূড়ান্ত বিপর্যয়ের হাত থেকে রক্ষা করাও আপনার দায়িত্ব। কাজেই উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় অনতিবিলম্বে কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভা (বিশেষ জাতীয় কাউন্সিল ২০১৯ সালে গঠিত কেন্দ্রীয় কমিটি) ডেকে জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের লক্ষ্যে তারিখ ঘোষণাসহ গঠনতন্ত্র মোতাবেক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে আপনি গণফোরামকে চরম বিপর্যয়ের হাত থেকে রক্ষার জন্য দলের নেতাকর্মী, অগণিত সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষে আপনাকে সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি।’








