ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ‘নির্বাচন নিয়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্য জনগণ আর বিশ্বাস করছে না।’ মঙ্গলবার (৫ অক্টোবর) বিকালে রাজধানীর পুরানা পল্টনে দলীয় পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মাওলানা ইউনুছ আহমাদ উল্লেখ করেন, ‘গত নির্বাচনের আগেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু নির্বাচনে কী হয়েছে দেশবাসী অবাক বিস্ময়ে দেখেছে। দলীয় সরকারের অধীনে অতীত নির্বাচনের অভিজ্ঞতা কারোরই ভালো নয়। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দলকে নিয়ে সমঝোতায় পৌঁছাতে হবে।’
সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আশ্বাস দিয়েছেন, ‘আগামী নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না।’ সেই প্রসঙ্গ টেনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মন্তব্য করেন, ‘তারা নিজেদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন।’
মাওলানা ইউনুছ আহমাদ জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সব জায়গায় প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তার অভিযোগ, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে। অথচ নির্বাচন কমিশন এসব অনিয়মের ব্যাপারে সম্পূর্ণ নির্বিকার।’
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সব প্রতিদ্বন্দ্বী প্রার্থী যাতে নির্বিঘ্নে মনোনয়নপত্র দাখিল করতে পারে, সে ব্যাপারে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব।
সভায় আরও ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, বরকত উলস্নাহ লতিফ, মাওলানা শোয়াইব হোসেন।









