নারী-পুরুষের সমতাভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে নারীর অবস্থান থাকতে হবে। বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া এই মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘রাজনীতিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে। সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তারা।’
ন্যাপ মহাসচিবের ভাষ্য, ‘বাংলাদেশের রাজনীতিতে বহুদিন ধরে নারী নেতৃত্ব চললেও সার্বিকভাবে রাজনীতিতে নারীর অংশগ্রহণ সুখকর নয়। মানুষ হিসেবে, দেশের নাগরিক হিসেবে রাজনীতিতে অংশগ্রহণের অধিকার আছে নারীর।’
বৃহস্পতিবার (৭ অক্টোবর) দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসব কথা বলেন ন্যাপ মহাসচিব। এ সময় তিন নারীনেত্রী প্রাথমিক সদস্যপদ পূরণের মাধ্যমে জেবেল রহমান গানির নেতৃত্বের প্রতি আস্থাজ্ঞাপন করে ন্যাশনাল আওয়ামী পার্টিতে যোগদান করেন। তারা হলেন মিতা রহমান, আনোয়ারা বেগম ও লি রহমান। তাদের স্বাগত জানিয়েছেন এম. গোলাম মোস্তফা ভূঁইয়া।
এ সময় ছিলেন বাংলাদেশ ন্যাপের ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভূঁইয়া, সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক মতিয়ারা চৌধুরী মিনু, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. আমজাদ হোসেন, মহানগর নেতা হাবিবুর রহমান।








