দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী ১৬ থেকে ২২ অক্টোবর সারাদেশে ‘বিক্ষোভ সপ্তাহে’র ডাক দিয়েছে সিপিবি। ‘বিক্ষোভ সপ্তাহে’ জেলা-উপজেলায় হাটসভা, পথসভা ও কাঁচা বাজারের সামনে ‘দাম কমাও জান বাঁচাও’ স্লোগানে বিক্ষোভ করবে দলটি। আগামী ২২ অক্টোবর ঢাকাসহ সব জেলা শহরে বিক্ষোভ-কর্মসূচি পালিত হবে।
সোমবার (১১ অক্টোবর) সিপিবির দলীয়সূত্র এসব তথ্য জানায়।
বিক্ষোভ সপ্তাহ নিয়ে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম বলেন, ‘সরকারের বাজার তদারকি ও নিয়ন্ত্রণের অভাবে ব্যবসায়ী সিন্ডিকেট দাম বাড়িয়েই চলেছে। গণবিরোধী সরকার লুটেরা, মুনাফাখোর, মজুদদারদের ‘পাহারাদার’ হিসেবে ব্যবসায়ী সিন্ডিকেটকে রক্ষা করে চলেছে। সরকার আর সিন্ডিকেটের যোগসাজশে একদিকে উৎপাদক কৃষক প্রতারিত হচ্ছে, অন্যদিকে ভোক্তাদের পকেট কাটা যাচ্ছে। অবৈধ সিন্ডিকেট শুধু বাজার নয়, গণবিরোধী কর্তৃত্ববাদী সরকারকেও নিয়ন্ত্রণ করছে।’
সিপিবির দুই শীর্ষনেতা আরও বলেন, ‘সাধারণ মানুষের প্রতি ‘বিনা ভোটের সরকারে’র যেন কোনও দায় নেই। মুক্তিযুদ্ধের দর্শন থেকে সরে গিয়ে সরকার এখন মুক্তবাজার দর্শনের ভিত্তিতে দেশ পরিচালনা করছে। কর্তৃত্ববাদী সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন মানুষের যন্ত্রণা বাড়তেই থাকবে। কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।’









