বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। ‘মাল্টিফাংশনাল’ অসুস্থতা নিয়ে তিনি রাষ্ট্রীয় অবহেলায় সুচিকিৎসার অভাবে মৃত্যুর প্রহর গুনছেন। অবিলম্বে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিদেশে উন্নত চিকিৎসাকেন্দ্রে সুচিকিৎসা গ্রহণের সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এলডিপি সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম এসব কথা বলেন।
২০ দলীয় জোটের প্রধান নেতৃত্বাদানকারী বিএনপির প্রতি আহ্বান জানিয়ে এলডিপির দুই শীর্ষ নেতা বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে বিএনপিকে আরও কার্যকর, শক্তিশালী ভূমিকা গ্রহণ করতে হবে। আবেদন-নিবেদন নয়, কঠোর কর্মসূচির মধ্য দিয়ে বেগম জিয়াকে শোষকের কারাগার থেকে মুক্ত করার সংগ্রাম শুরু করুন।
দফতর সম্পাদক শামীম আহাম্মদ স্বাক্ষরিত বিবৃতিতে তারা বলেন, আজ সংবাদপত্রগুলোতে পরিষ্কার করে এসেছে-বেগম জিয়া নানা রোগে আক্রান্ত। অবিলম্বে তার উন্নত চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা প্রয়োজন। যেসব রোগের সুচিকিৎসা চিকিৎসক ডেকে নিয়ে করা সম্ভব না।
সরকারের উদ্দেশে বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বুধবার সংবাদ সম্মেলনে প্রদত্ত বক্তব্য শুনে দেশবাসীর মনে হয়েছে, এই দেশে কোনও দিন শান্তি ও শৃঙ্খলা দেখতে চান না। তিনি জনগণকে এখনও বিভাজনের দিকেই ঠেলে রাখতে চান। কিন্তু ইতিহাস সাক্ষ্য, বিভাজনের নীতি করে ব্রিটিশরা যেমন স্বাধীনতা রুখতে পারেনি, অন্যায্যতা করে যেমন পাকিস্তান পারেনি, তেমনি আওয়ামী লীগও পারবে না। বাংলাদেশের মানুষ জেগে উঠে এই বিভাজনের নীতি রুখে দেবে।









