একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল। তিনি বলেন, ‘আপনারা যদি কোরআন ও সুন্নাহ সত্যিকারভাবে মানেন, পাকিস্তানের যদি কল্যাণ চান, শান্তি চান, উপমহাদেশের শান্তি চান, তাহলে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে ক্ষমা চান। হয়তো ভবিষ্যতে কল্যাণকর হবে আপনাদের জন্য।’
শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকালে যশোরের উপশহর ঈদগা মাঠে জাকের পার্টির খুলনা বিভাগীয় ইসলামি সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সবাইকে সতর্ক থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ, রাজনীতির আকাশে কালো মেঘের ঘনঘটা। অর্থনৈতিকভাবে বাংলাদেশকে কীভাবে পঙ্গু করা যায়, বাংলাদেশকে কীভাবে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা যায়, তার ষড়যন্ত্র চলছে।’
সমাবেশে বক্তব্য রাখেন, জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল, ভারপ্রাপ্ত মহাসচিব শামীম হায়দার, খুলনা বিভাগীয় জাকের পার্টির সভাপতি হাজী মহিদুল ইসলাম।









