নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আগামী ১১ জানুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় আলোচনার জন্য চিঠি পেয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ। অনুষ্ঠেয় এ সংলাপে অংশগ্রহণ করলেও সার্চ কমিটির জন্য কোনও নাম প্রস্তাব করবে না দলটি। দলের শীর্ষ পর্যায়ের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ন্যাপ সূত্র জানায়, সার্চ কমিটি গঠন করে নির্বাচন কমিশন করলেও আদতে এতে জনআস্থা ফিরবে না। এ কারণে দলের পক্ষ থেকে নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফেরাতে রাষ্ট্রপতিকে লিখিত কিছু প্রস্তাব দেবেন ন্যাপের নেতারা। এখনও এসব প্রস্তাব চূড়ান্ত করা হয়নি।
মঙ্গলবার (৪ জানুয়ারি) দলের চেয়ারম্যান জেবেল রহমান গানি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার জন্য চিঠি পেয়েছি আজই। নির্বাচন বা নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আর আস্থা নেই। আমাদের মূল চিন্তা, এই নির্বাচনের প্রতি দেশের মানুষের আস্থা ও বিশ্বাস ফেরাতে রাষ্ট্রপতি যেন উদ্যোগ গ্রহণ করেন। কেবল সার্চ কমিটি গঠন করে দিলেই তো নির্বাচন সুষ্ঠু হয় না।’
জেবেল রহমান মনে করেন, দেশের মানুষ এখন ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। ভোটারদের হতাশা দূর করতে প্রয়োজন তাই আস্থা ফেরানো। সে কারণে সামগ্রিকভাবে নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনা করবেন তারা।
তিনি বলেন, ‘নিরপেক্ষ সরকার বা দলীয় সরকার—যে পদ্ধতিতেই হোক না কেন; প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন যেন মৌলিকভাবে শক্তিশালী হয়, সে বিষয়টিকেই বাংলাদেশ ন্যাপ প্রাধান্য দিচ্ছে।’
দলের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া জানান, রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশগ্রহণ ও আলোচ্য বিষয় নিয়ে আগামী বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দলের প্রেসিডিয়ামের সভা ডাকা হয়েছে।
প্রসঙ্গত, সংলাপের জন্য চিঠি গেলেও সিপিবি, বাসদ, ইসলামী আন্দোলন বঙ্গভবনে আলোচনায় যায়নি। বিএনপিও সংলাপে যাবে না বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।
অলি আহমদ নেতৃত্বাধীন এলডিপির সংলাপে যাওয়ার সম্ভাবনা কম বলে দলীয়সূত্রে জানা গেছে। এ নিয়ে আগামীকাল বুধবার (৫ জানুয়ারি) সাংবাদিকদের সামনে কথা বলবেন দলের সভাপতি অলি আহমদ।









