গণফোরাম একাংশের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, ২০০১ সালের এই দিনে নারকীয় হত্যাকাণ্ডের হৃদয় বিদারক স্মৃতি ভুলে যাবার নয়। এই আত্মত্যাগ বৃথা যাবে না। এই সময়ে আরও কয়েকটি বোমা হামলার ঘটনা ঘটে কিন্তু তৎকালীন ক্ষমতাসীনরা দায়সারা ভাবে এড়িয়ে গেছে। আজ ২১ বছর পরও বিচার হয়নি। দীর্ঘ ১৩ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ এসব ব্যাপারে উদাসীন।
বৃহস্পতিবার (২০ ) রাজধানীর পুরানা পল্টনে সিপিবির কার্যালয়ের সামনে স্থাপিত অস্থায়ী বেদিতে শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন সুব্রত চৌধুরী। ২০০১ সালে সিপিবির মহাসমাবেশে বোমা হামলায় নিহতদের স্মরণে গণফোরাম সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর নেতৃত্বে শহীদদের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গণফোরাম (একাংশ)।
সুব্রত চৌধুরী আরও বলেন, আমরা গণফোরাম এর পক্ষ থেকে এই বোমা হামলাসহ সকল নারকীয় বোমা হামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার দাবি করছি।
এসময় উপস্থিত ছিলেন গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এ কে এম জগলুল হায়দার আফ্রিক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, ছাত্র সম্পাদক অ্যাডভোকেট সানজিদ রহমান শুভ, কেন্দ্রীয় কমিটির সদস্য কামাল উদ্দিন সুমন, রিয়াদ হোসেন, আনোয়ার ইব্রাহীম প্রমুখ।









