৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া। তারা বলেছেন, দেশের রাজনৈতিক সংকট উত্তরণে প্রয়োজন জাতীয় ঐক্য।
সোমবার (২৫ জুলাই) বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তারা।
উল্লেখ্য, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ একটি মধ্যপন্থী জাতীয়তাবাদী রাজনৈতিক দল। মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ১৯৫৭ সালের ২৬ জুলাই দলটি প্রতিষ্ঠিত হয়।
ন্যাপের দুই নেতা বলেন, আজ থেকে ৬৫ বছর আগে জাতির এক চরম ক্রান্তিকালে স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বিশ্বনন্দিত নেতা, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী একটি ইনসাফ-ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা, গণমানুষের মুক্তির লক্ষ্যে ন্যাপ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই ন্যাপ এ অঞ্চলের মানুষের মুক্তি, স্বাধীকার ও স্বাধীনতা আন্দোলনের জন্য সংগ্রাম করছে। তারই ধারাবাহিকতায় ইনসাফ-ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দুর্নীতি ও দুবৃর্ত্তায়নের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখতে হবে।
‘দলের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই মহান দিনে দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের দলকে আরও গতিশীল করার ক্ষেত্রে মনে-প্রাণে কাজ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। পাশাপাশি দেশ, জাতি, গণতন্ত্রের যেকোনও ক্রান্তিলগ্নে সবাইকে ঐক্যবদ্ধ থেকে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য প্রস্তুত থাকতে হবে।’ বলে উল্লেখ করেন গানি ও মোস্তফা।
‘দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মজলুম জননেতা মওলানা ভাসানী, পরবর্তী চেয়ারম্যান মশিউর রহমান যাদু মিয়া, পরবর্তী চেয়ারম্যান শফিকুল গানি স্বপন-সহ প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত যারা ইন্তেকাল করেছেন, তাদের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান গানি ও মোস্তফা।









