তাইওয়ানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির আগমনকে ‘চরম উসকানিমূলক ও প্রতারণামূলক বেপরোয়া আচরণ’ বলে মনে করে রাশেদ খান মেনন নেতৃত্বাধীন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো। বুধবার (৩ আগস্ট) বিকালে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে দলটি এ কথা জানিয়েছে।
পার্টি মনে করে, ইউক্রেন রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে সমস্ত পৃথিবী যখন এক অশান্ত সময় অতিক্রম করছে, তখন পেলোসির তাইপে সফর ওই অশান্তিকে আরও বিস্তৃত করবে। বস্তুত ন্যাটো সম্প্রসারণের নামে নব্য নাৎসি জেলেনেস্কিকে দিয়ে ইউরোপে তারা যে যুদ্ধের সূচনা করেছে, তাই এখন তাইওয়ানকে অজুহাত করে এশিয়া প্যাসিফিক অঞ্চলে ছড়িয়ে দিতে চায়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ওয়ার্কার্স পার্টি আশা করে চীন তার স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে মার্কিনীদের উসকানিমূলক আচরণের ফাঁদে পা দেবে না।








