গণতন্ত্র মঞ্চের ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
শনিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালের মেজর হায়দার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
গণতন্ত্র মঞ্চের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্রসংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, জেএসডি’র সহ-সভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের যুগ্মসাধারণ সম্পাদক ডা. জাহেদুর রহমান এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান।
সভায় নেতারা মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানায় ডিজিটাল সিকিউরিটি আইনে গ্রেফতার রাষ্ট্রসংস্কার আন্দোলনের কেন্দ্রীয় নেতা প্রীতম দাশের মুক্তি দাবি করেন।
সভায় নেতারা সারাদেশে বিরোধী রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশে সরকারি গুণ্ডাবাহিনী ও রাষ্ট্রীয় পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, গতকাল নেত্রকোনায় সিপিবির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত সমাবেশে হামলা এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সসহ নেতাদেরকে আহত করা সরকারের বেপরোয়া মনোভাবেরই বহিঃপ্রকাশ।
সভায় সরকার ও শাসনব্যবস্থা বদলের সংগ্রামে ঢাকাবাসীকে ঐক্যবদ্ধ করার জন্য ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিট নেতাদেরকে সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।








