ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, সীমান্তে বাংলাদেশি ও রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে সরকারকে সমন্বিত পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত নেওয়ার মূল ইস্যুর দৃষ্টি ভিন্ন খাতে ফেরানোর অংশ হিসেবেই বাংলাদেশ সীমান্তে মিয়ানমার সরকার সশস্ত্র ধারাবাহিক হামলা চালিয়ে থাকতে পারে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিবৃতিতে মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণেই মিয়ানমার সরকারও বাংলাদেশের সীমান্তে গোলাগুলির ধৃষ্টতা দেখাচ্ছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ প্রত্যাবাসনের মূল ইস্যুটিকে আড়াল করতেই মিয়ানমার সশস্ত্র উসকানি অব্যাহত রেখেছে। তুমব্রু সীমান্ত এলাকায় মিয়ানমারের এই অব্যাহত সামরিক উসকানিমূলক তৎপরতা বিচ্ছিন্ন কোনও ঘটনা নয়। দেশটির দখলদার সেনাবাহিনী পরিকল্পিতভাবেই রোহিঙ্গা ইস্যুতে চাপে রাখতেই এই অপতৎরতা চালাচ্ছে।’
অনতিবিলম্বে মিয়ানমারের এই উসকানি বন্ধে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ কূটনৈতিক উদ্যোগ এবং সীমান্তে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান মাওলানা ইউনুছ আহমাদ।








